কম দামি সিগারেটের পরীক্ষা চায় আপিল বিভাগও
ব্রিটিশ-আমেরিকান টোবাকোসহ চার তামাক কোম্পানির সিগারেট পরীক্ষা করতে বলেছে আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ এ সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করে এই আদেশ দেয়।
বাকি তিনটি কোম্পানি হচ্ছে, ঢাকা টোবাকো, আবুল খায়ের টোবাকো ও নাসির টোবাকো।
রিট আবেদনকারীর আইনজীবী তানজীব উল আলম বলেন, হাই কোর্ট ব্রিটিশ আমেরিকান টোবাকোর হলিউড ও ডারভি নামে দুটি কম মূল্যের সিগারেটের রাসায়নিক পরীক্ষা করে প্রতিবেদন দিতে বলেছিল। পাশাপাশি কমদামি ব্রান্ডের সঙ্গে স্টার, গোল্ডলিফ ও বেনসনের তুলনামূলক চিত্রও দিতে বলা হয়েছিল। আপিল বিভাগ এই আদেশ বহাল রেখেছে।
“পাশাপাশি বাকি তিন কোম্পানির কম মূল্যের ব্র্যান্ডের সঙ্গে বেশি মূল্যের ব্র্যান্ডের সিগারেটের তুলনামূলক চিত্র দিতে হবে।”
পণ্যগুলো পরীক্ষা করে ৬০দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বিএসটিআইকে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে এনবিআরের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা, ব্রিটিশ অ্যামেরিকান টোবাকোর পক্ষে এএম আমিন উদ্দিন।
আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক রিট আবেদনে এর আগে হাই কোর্ট ব্রিটিশ আমেরিকান টোবাকোর পণ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিল। সেই আদেশের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যান।
“আমাদের যুক্তি ছিলো, একা ব্রিটিশ আমেরিকান টোবাকোর পণ্য কেন পরীক্ষা হবে? শুনানি শেষে আদালত আরো তিনটি তামাক কোম্পানির পণ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে।”
মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোম্পানিগুলো যে পণ্য উৎপাদন করে সেই তামাকের মান পরীক্ষা করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. মশিউর রহমানের করা একটি রিট আবেদনে হাই কোর্ট রুল জারির পাশাপাশি ব্রিটিশ আমেরিকান টোবাকোর পণ্য পরীক্ষার ওই নির্দেশ দেয়।
