২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেন গ্রেপ্তারের পর বাড়ি ফিরলেন ভাই

ভারতে নূর হোসেনের গ্রেপ্তারের খবর শুনে নারায়ণগঞ্জের বাড়িতে ফিরে তার এক ভাই বলেছেন, পুলিশি হয়রানির ভয়ে এই দেড় মাস পালিয়ে ছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 08:59 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গত ৩০ এপ্রিলের পর থেকে খুঁজছিল পুলিশ। তার বাড়িতে অভিযান চালানোও হয়, ক্রোক করা হয় বাড়ির মালামালও।

পুলিশকে ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূর হোসেন শনিবার ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন।

এরপর রোববার সকালে নূর হোসেনের বড় ভাই নুরুল ইসলামকে সিদ্ধিরগঞ্জের টেকপাড়া এলাকায় তার বাড়িতে দেখা যায়। কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার পর থেকে বাড়িতে ছিলেন না তিনি।

নুরুল ইসলাম সিলেট থেকে লাল বালু কিনে এনে তা কাঁচপুরে বিক্রি করেন। নূর হোসেনের সঙ্গে তার পারিবারিক বন্ধন মজবুত ছিল না বলে দাবি করেন তিনি।

নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “নূর হোসেন কোথায় পালিয়েছিল, তা তো আমরা জানতাম না। তবে বাড়িতে হামলা ও মারধরের পর বাড়ি ছেড়েছিলাম।

“এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও ধরে নিয়ে নূর হোসেনের সন্ধানের জন্য টর্চার করতে পারত। এই ভয়ে লুকিয়ে ছিলাম।”

Image
পশ্চিমবঙ্গে গ্রেপ্তার নূর হোসেন

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার নূর হোসেন

এই ৪৯ দিন কোথায় ছিলেন- জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, “এক আত্মীয়ের বাড়িতে ছিলাম। তবে এইভাবে অন্যের বাড়িতে গিয়ে আত্মগোপনে থাকা খুব কষ্টকর।”

নূর হোসেনের সন্ধানে তার বেশ কয়েকজন সহযোগীকে বিভিন্ন এলাকা থেকে আটক করে পুলিশ। এদের কয়েকজনকে মামলায় গ্রেপ্তারও দেখানো হয়েছে।

নুরুল ইসলামের ফেরার খবর জানালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমরা তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন মনে করব, তাকেই গ্রেপ্তার করব।”

সাত খুনের পর থেকে নূর হোসেনের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে দাবি করেন নুরুল ইসলাম।

ভাই নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি বলেন, “একজন মানুষের জন্য ৭ জন মানুষকে অপহরণের পর মেরে ফেলবে, এটা আমার বিশ্বাস হয় না। এই ঘটনার সঙ্গে অন্য আরো কেউ জড়িত থাকতে পারে।”

নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলামের দাবি,নূর হোসেন ৬ কোটি টাকা দিয়ে র‌্যাবকে দিয়ে এই খুন করিয়েছেন।

পুরনো খবর:

নূর হোসেন ৮ দিনের রিমান্ডে