কর্ণফুলী নদী রক্ষায় ৪ উপ-কমিটি
কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে চারটি উপ-কমিটিও গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
রোববার চট্টগ্রাম বন্দর সভাকক্ষে ‘কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা এবং দূষণ প্রতিরোধকল্পে করণীয় নির্ধারণ সংক্রান্ত কমিটি’র সভায় এ উদ্যোগ নেয়া হয়।
কমিটির আহ্বায়ক বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় কর্ণফুলী নদী ক্লিনিং, ড্রেজিং, সীমানা নির্ধারণ এবং দূষণের কারণ নির্ধারণের জন্য চারটি উপকমিটি করা হয়।
এতে বন্দর চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, “আগামী দুই মাসের মধ্যে কর্ণফুলী নদী ও সংযুক্ত খালে বর্জ্য অপসারণ এবং খননকাজ শুরু হবে। কর্ণফুলী নদী রক্ষায় বিকল্প নেই। কারণ দেশের অর্থনীতির স্বার্থে এই নদীর প্রবাহ ঠিক রাখতে হবে।”
তিনি বলেন, “কর্ণফুলী নদীর দুই পাড়ে যেসব শিল্পকারখানা নদী দূষণ করছে সেগুলোর তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়া, খালের বর্জ্য সংগ্রহ করে পানির প্রবাহ স্বাভাবিক রাখা, খালের মুখে খননকাজ এবং খালগুলোর সীমানা চিহ্নিত করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে এইসব কমিটি করা হয়েছে।”
কর্ণফুলী নদীর নাব্যতা ও স্বাভাবিক গতি প্রবাহ ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখতে বন্দর চেয়ারম্যানকে প্রধান করে নৌ-পরিবহন মন্ত্রণালয় মে মাসের শেষের দিকে ১৪ সদস্যের এই কমিটি করে দেয়।
রোববার সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটি তাদের প্রথম সভা করে।
সভায় বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম, সিটি করপোরেশনের উপ-সচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবীসহ বন্দরের উর্ধতন কর্মকর্তারা।
