২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাজীপুর হবে ফরমালিনমুক্ত জেলা’

গাজীপুর দিয়ে ফরমালিনযুক্ত ফলমূল ও শাকসব্জি যেতে দেয়া হবে না বলে প্রশাসনের এক সভায় ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

রোববার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম এ ঘোষণা দেন।

তিনি বলেন, গাজীপুরের কোনো বাজারে ফরমারিলনযুক্ত ফলমূল ও শাকসবজি বিক্রি করতে দেয়া হবে না। এটা বন্ধ করতে চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

যেকোনো উপায়ে গাজীপুরকে ফরমালিনমুক্ত জেলা করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশসানের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির এ সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবদুল বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসিন, প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মজিদ, সবজি ব্যবসায়ী জানে আলম প্রমুখ।

জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে জেলার সকল হাট-বাজার, মাছের ও ফলমূলের আড়ৎসমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

এ সময় ফরমালিন মিশ্রিত খাবার ও ফলমূল পাওয়া গেলে ওই পণ্য ধ্বংস করা হবে এবং বিক্রেতাকে জেল জরিমানার মুখোমুখি হতে হবে।

জেলাকে ফরমালিনমুক্ত করার পদক্ষেপ হিসেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ফল ও সবজি বোঝাই ট্রাকে ফরমালিন বিরোধী অভিযান শুরু হয়েছে।

পুলিশ সুপার মো আবদুল বাতেন জানানি, অন্যান্য সময়ে তুলনায় গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। জেলাকে ফরমালিন মুক্ত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন একত্রে কাজ করবে।