২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির পানি ধারণের গুরুত্ব নিয়ে চট্টগ্রামে সেমিনার

সুপেয় পানির সঙ্কট মোকাবেলায় বৃষ্টির পানি ধারণের ওপর জোর দিয়েছেন চট্টগ্রামে এক সেমিনারের বক্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 07:39 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

রোববার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) মিলনায়তনে বেসরকারি সংস্থা দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে ভূর্গভস্থ পানির স্তর কমছে এবং সুপেয় পানির সঙ্কট বাড়ছে।

সুপেয় পানির সঙ্কট মোকাবেলা এবং ভূর্গভস্থ পানির বিকল্প উৎস সৃষ্টির লক্ষ্যে বৃষ্টির পানি ধরে রাখার ওপর গুরুত্ব দেন সেমিনারের বক্তারা।

বক্তারা বৃষ্টির পানি সংরক্ষণ জলাবদ্ধতা নিরসনেও ভূমিকা রাখবে উল্লেখ করে বলেন,  বৃষ্টির পানির সর্বোচ্চ ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের আগামী প্রজন্মের জন্য আবশ্যক।

‘বর্তমান বিল্ডিং কোডে’ বৃষ্টির পানি সংরক্ষণ এর প্রয়োজনীয়তার উল্লেখ থাকলেও বাস্তবায়নের নজির নেই উল্লেখ করে বক্তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে এ দিকে নজর দেয়ার অনুরোধ জানান।

‘বর্ষা দিবস: বৃষ্টির পানি ধারণ, সংরক্ষণ, ব্যবহার, ব্যবস্থাপনা ও আমাদের সম্ভাবনাময় পথ চলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম পযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী রুমান রায়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম ওয়াসা’র উপপ্রধান উন্নয়ন প্রকৌশলী এজাজ রসুল, ওয়াটার এইড বাংলাদেশ-এর প্রকল্প ব্যবস্থাপক শামীম আহম্মেদ।