২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারে লুকানো জঙ্গির অডিও বার্তা  

বিদ্রোহের মামলায় কাশিমপুর কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্যকে খাবারের ভেতর দিয়ে এক জঙ্গির অডিও বার্তা রেকর্ডের মেমোরি কার্ড দেয়ার সময় তার মা ও ভাই আটক হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 09:53 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটকরা হলেন হাজেরা বেগম (৫৫) ও হাজেরার ছেলে সাগর মিয়া (১৯)।

তাদের বাড়ি মাগুরার শালিখা উপজেলার বাগডাঙ্গ গ্রামে। তারা বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সেলিম রেজার (৩৬) মা ও ভাই।

তাদের বহন করা মেমোরি কার্ডে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান জসিম উদ্দিন রহমামির বিশেষ অডিও বার্তা রেকর্ড করা রয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সুপার মো. জামিল আহমেদ চৌধুরী জানান, শব-ই-বরাত উপলক্ষে কারাগারগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বন্দিদের স্বজনরাও খাবার নিয়ে যান।

শনিবার দুপুর ১২টার দিকে এ কারাগারের বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্য সেলিম রেজার সঙ্গে দেখা করতে যান তার মা ও ভাই। এ সময় তারা বাড়ি থেকে রান্না করে আনা সেমাই কারাগারের ভেতর সেলিম রেজাকে দেয়ার চেষ্টা করেন।

কারা কর্তৃপক্ষ পরীক্ষার সময় ওই সেমাইয়ের ভেতরের লুকিয়ে রাখা একটি প্যাকেট থেকে একটি মেমোরি কার্ড উদ্ধার করে।

কারা কর্মকর্তা জানান, মেমোরি কার্ডটি পরীক্ষা করে দেখা গেছে- এতে আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান জসিম উদ্দিন রহমামির বিশেষ অডিও বার্তা রয়েছে। এছাড়া মেমোরি কার্ডটিতে জামালপুর, লালমরিহাট, কিশোরগঞ্জ ও জয়দেবপুরসহ বিভিন্ন এলাকার তথ্যসহ সাংকেতিক কথাবার্তা রেকর্ডিং করা রয়েছে।

মেমোরি কার্ডসহ ওই দুজনকে আটক করে জয়দেবপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সুপার মো. জামিল আহমেদ চৌধুরী।

বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তা হত্যার মামলায় সেলিম রেজাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। তাকে গত বছরের অক্টোবরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।