২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট শুরু রোববার

সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার ও অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে সিলেট জেলায় রোববার থেকে ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 08:38 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মঘট সফল করতে শনিবার বিকালে ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয়। এ সভা থেকে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা ট্রাক মালিক গ্রুপ সভাপতি আবুল কায়ের ইজু, সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, পুলক কবির চৌধুরী, ট্রাক শ্রমিক নেতা মো. দিলু মিয়া, আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার ও অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকবার স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

এ দাবি আদায়ের লক্ষ্যে রোববার থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট শুরু হবে।