২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টায় এক তরুণের কারাদণ্ড

অবৈধভাবে জাহাজে চড়ে বিদেশ যাওয়ার চেষ্টা করায় এক তরুণকে চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে আটকের পর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 08:06 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

গত শুক্রবার বিকালে চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটি থেকে জসিম উদ্দিনকে (১৯) গ্রেপ্তার করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।   

জসিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আহমদ হোসেন ছেলে। তার কাছ থেকে আবুধাবির একটি আকামা (কাজ করার অনুমতিপত্র) ও একটি ডেবিট কার্ড উদ্ধার করা হয়।

অনুপম সাহা বলেন, “জসিম ইয়ার্ডে রাখা একটি খালি কন্টেইনার থেকে বেরিয়ে জেটিতে থাকা জাহাজে ওঠার চেষ্টা করে। এসময় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে।”

তিনি বলেন, “জসিম আগে আবুধাবিতে ছিল। তার কাছে যাওয়ার টাকা না থাকায় সে যেকোনোভাবে জাহাজে উঠে আবুধাবি যাওয়ার চেষ্টা করছিলো।

“বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশের অনুমতিপত্র না থাকায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।”

২০১১ সালের এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে রাখা একটি খালি কন্টেইনারে ঢুকে আটকা পড়েন দ্বীন ইসলাম ও আল আমিন নামের দুই বন্দর শ্রমিক।

ওই কনন্টেইনারে সে অবস্থাতেই জাহাজটি সিঙ্গাপুর পৌঁছানোর পর আল আমীনের লাশ ও দ্বীন ইসলামকে জীবিত উদ্ধার করা হয়।

ওই বছরেই অক্টোবরে দেশে ফিরিয়ে আনা হয় দ্বীন ইসলামকে।