২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় ক্রেন ছিঁড়ে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

মংলা সমৃদ্র বন্দরে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় আমদানিকারকের নিয়োগ করা স্টিভিডরস নূরু এণ্ড সন্সের মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 07:26 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

বৃহষ্পতিবার গভীর রাতে মংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজউদ্দিন বাদী হয়ে করা এ মামলার আসামি এইচ এম দুলাল, যিনি দৈনিক ইত্তেফাকের মংলা প্রতিনিধি।

মংলা থানার ওসি মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার (১১ জুন) সকালে পশুর নদীতে অবস্থানরত এম ভি হ্যান জিং নামে হংকংয়ের পতাকাবাহী জাহাজ থেকে পণ্য খালাস কাজে আমদানিকারকের নিয়োগকৃত স্টিভিডরস নূরু এণ্ড সন্সের স্বত্ত্বাধিকারী এইচ এম দুলালের গাফিলতির কারণে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

তিনি জাহাজ থেকে পণ্য খালাস কাজ করার আগে তার ব্যবহৃত সরঞ্জাম (যন্ত্রপাতি) পরীক্ষানিরীক্ষা করেননি। এ কারণে ওই দুর্ঘটনাটি ঘটে।

নূরুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের কমিটি তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া জানান, এ ঘটনা তদন্তে মংলা বন্দরের গঠিত তদন্ত কমিটি আগামী সপ্তাহে প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।