২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশি অনুপ্রবেশকারী বাছাই আসাম থেকে’

নির্বাচনকালীন প্রতিশ্রুতি অনুযায়ী ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বাছাইয়ের কাজে হাত দিতে চাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের নতুন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সৈয়দ বশীর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 02:24 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

তবে এ কাজে তাড়াহুড়ো নয়, ‘ধীরে চলো’ নীতিতে এগোতে চায় তারা।ভারতের স্থানীয়রা যাতে হয়রানির শিকার না হয় সেজন্যই এ ব্যবস্থা। 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, বাংলাদেশি অনুপ্রেবশকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান রয়েছে যে রাজ্যে, সেই আসাম থেকেই এই বাছাইয়ের কাজ শুরু করা হবে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই রাজ্যের ১৪টি আসনের মধ্যে সাতটি পেয়েছে মোদির বিজেপি।

কংগ্রেস আর মৌলানা বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন এইউডিএফ পেয়েছে তিনটি করে আসন।

কংগ্রেস নিজেদের ভোট ব্যাংক বাড়াতে বাংলাদেশি অনুপ্রবেশে সমর্থন দিয়েছে বলে অভিযোগ রয়েছে বিজেপির পক্ষ থেকে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “১৯৭১ সালের নির্বাচনী বিধি অনুযায়ী আমরা আসামে নাগরিকদের নিবন্ধন তালিকা (এনআরসি) সংশোধন করতে বলেছি। ওই বছরই স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আবির্ভাব হয় এবং ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে ১৯৭১ সালের ২৫ মার্চের পর অবৈধভাবে আসা বাংলাদেশিদের বৈধতা দেয়া হয়। আমরা বিদ্যমান আইনের মাধ্যমেই অবৈধ অভিবাসী চিহ্নিত করবো।”      

আসাম রাজ্য সরকার কেন্দ্রের পরামর্শে এনআরসি সংশোধনের কয়েকটি পাইলট প্রকল্প শুরু করলেও বাংলাভাষী অভিবাসীদের বিরোধিতায় প্রথম প্রকল্পটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল।

ওই কর্মকর্তা বলেন, “বাছাইয়ের সময় কোনো ভারতীয় নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, যাতে হয়রানির শিকার না হয় সে জন্য আমাদের খুবই সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আমাদের সময় নিয়ে এগোতে হবে।”

আসামের বিজেপি নেতারা জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে প্রশাসনকে সহায়তা করবে দলের কর্মীরা।  

ভোটারদের দেয়া প্রতিশ্রুতি যে কোনো মূল্যে পূরণ করা হবে, বলছেন বিজেপি নেতারা। তবে এই কাজ করতে গিয়ে যেন কোনো ধরনের ধর্মীয় দাঙ্গা সৃষ্টির আশঙ্কা তৈরি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার বিষয়টিও মানছেন তারা।

নাগরিক নিবন্ধন তালিকা সংশোধন হওয়ার পর ওই তালিকায় যাদের স্থান হবে না তাদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, “এরপরই আসে তাদের ফেরত পাঠানোর প্রশ্ন। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার কাজ শেষ করতে অন্তত দুই বছর লাগতে পারে।”

২০১৬ সালে আসাম রাজ্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে কংগ্রেসকে হটিয়ে রাজ্যের ক্ষমতা দখল করতে এর আগেই অবৈধ অভিবাসী বিতাড়নের ইস্যুকে সামনে আনার এখনই মোক্ষম সময় বলে মনে করেন মোদির ঘনিষ্ঠ বিজেপির এক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেন, “আমরা চাচ্ছি ভারতের কোনো নাগরিক যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় এবং একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্কেরও কোনো ক্ষতি না হয়।”

তিনি আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন চুক্তি এবং স্থলসীমান্ত চুক্তি চূড়ান্ত করার দিকেও ইঙ্গিত করেন।

তবে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ চিহ্নিত করতে আসামের মতো পশ্চিমবঙ্গে নাগরিক নিবন্ধন তালিকা সংশোধনের ব্যাপারে খুব একটা আশাবাদী নয়। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা।

নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশিদের বিতাড়নের ঘোষণার পর তার গ্রেপ্তারও চেয়েছিলেন মমতা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, আসামে কাজের অগ্রগতি দেখার পরই অন্য রাজ্যগুলোতেও ‘অনুপ্রবেশকারী’ চিহ্নিত করার কাজ শুরু করা হবে।