২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মা-মেয়ে খুন: অভিযোগ গঠনের শুনানি ২২ জুন

চট্টগ্রামের আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২২ জুন  হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 09:05 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানা যায়।

গত সোমবার মামলাটির নথি বিচারের জন্য প্রস্তুত হয়ে মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এলে তিনি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আগামী ২২ জুন আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে গত ২৫ মে চট্টগ্রাম আদালতের নিবন্ধন শাখায় এ মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার এসআই মো. মাইনুদ্দিন।

এতে খুন হওয়া সাইমা আক্তারের বন্ধু মো. আবু রায়হান ও তার সহযোগী মোহাম্মদ শহীদকে আসামি করা হয়েছে।

গত ২৪ মার্চ সকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের ১২৯ বাড়ি ‘পদ্মা-যমুনা’য় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়।

এর দুদিন বাদে ঢাকার ফকিরাপুল থেকে রায়হান ও নগরীর খুলশী এলাকা থেকে শহীদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

নিহত সাইমার বড়ভাই সাঈদ রেজা ঘটনার দিন হাসপাতালে সাংবাদিকদের বলেছিলেন, রায়হান কিছুদিন ধরে তার বোনকে উত্ত্যক্ত করে আসছিল।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির বিবিএ’র ছাত্র আবু রায়হান (২৬) চট্টগ্রাম জেলা পুলিশের কর্মরত হাবিলদার আবুল বাশারের ছেলে। তাদের বাসা নগরীর শান্তিবাগ এলাকায়।

আর শহীদ খুলশী এলাকার একটি রেস্ট হাউজের গাড়িচালক।

মামলার তদন্ত কর্মকর্তা মাঈনুদ্দিন জানান, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই রায়হান তার সহযোগী শহীদকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।