২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্টেডিয়ামের দেয়াল ধ্বসের তদন্ত শুরু

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রাচীর ধসে তিন শিশুর মৃত্যুর ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 03:53 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার দুপুরে চার সদস্যের তদন্ত কমিটির প্রধান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুল কাদেরের নেতৃত্বে তদন্ত শুরু হয়।

মঙ্গলবার রাত ৩টায় টিলার ওপর নির্মিত সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সীমানা প্রাচীর ধসে একই পরিবারের তিন শিশু মারা যায়। তারা হচ্ছে নাসিমা বেগম (১৬), তার ভাই জাহেদ আহমদ (১৪) এবং তাদের চাচাত ভাই রুহুল আমীন (১৩)।

নাসিমা ও জাহেদের বাবা আজান আলী লাক্কাতুরা চা বাগানের শ্রমিক। রুহুলের বাবা প্রয়াত কুতুব আলীও চাশ্রমিক ছিলেন। স্টেডিয়ামের সীমানা প্রাচীরের পাদদেশে ঝুপড়ি ঘরে বসবাস করত তারা।

এ ঘটনার পর মঙ্গলবার জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চার সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত দলে অন্যদের মধ্যে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) আব্দুর রহিম ভুঁইয়া, প্রকল্প পরিচালক পীযূষ কান্তি নাথ ও সিলেট বিভাগীয় কমিশনারের এক প্রতিনিধি।

কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল ঘুরে দেখে নিহত শিশুদের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের কথা শোনেন।

তদন্ত কমিটির প্রধান মঞ্জুরুল কাদের সাংবাদিকদের বলেন, ‘‘প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিবৃষ্টি ও ড্রেনেজ সিস্টেমের কাজ ঠিকমতো না করায় এ দুর্ঘটনা ঘটেছে।”

নির্মাণ কাজের কোন ক্রটি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মঞ্জুরুল বলেন, ‘‘নির্মাণ কাজের ক্রটি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। আরো তদন্তের প্রয়োজন। আমাদের সাথে ইঞ্জিনিয়াররা বিষয়টি বের করবেন।”

তদন্ত কমিটি বৃহস্পতিবার  ও শুক্রবার তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে জানান তিনি।