বলিভিয়া ও যুক্তরাষ্ট্র যাচ্ছেন রাষ্ট্রপতি
জাতিসংঘের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশগুলোর জোট জি-৭৭ এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বলিভিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বলিভিয়া থেকে রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যাবেন। যুক্তরাষ্ট্র সফরের সময় রাষ্ট্রপতি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বলিভিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি।
ফাইল ছবি
রাষ্ট্রপতি ১৩ জুন বলিভিয়ার সান্তাক্রুজে পৌঁছাবেন। পরদিন ১৪ জুন রাষ্ট্রপতি ‘কমেমোরেটিভ সামিট অফ জি-৭৭ অ্যান্ড চায়না’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন।
১৫ জুন আবদুল হামিদ জি-৭৭ এর সম্মেলনে বক্তব্য দেবেন। জোটভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও এই সম্মেলনে বক্তব্য রাখবেন।
জাতিসংঘের সদস্যভুক্ত উন্নয়শীল দেশগুলোকে নিয়ে ১৯৬৪ সালে জি-৭৭ জোট গঠন করা হয়। বলিভিয়া বর্তমানে এই জোটের সভাপতির দায়িত্ব পালন করছে।
‘খাদ্য নিরাপত্তা, দারিদ্র হ্রাস এবং ধরিত্রীকে রক্ষায় টেকসই পথ খোঁজা’ এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য।
ইহসানুল করিম বলেন, বলিভিয়া সফর শেষে রাষ্ট্রপতি আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন। যুক্তরাষ্ট্র সফরকালে ১৯ জুন তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন।
রাষ্ট্রপতি ১৭ জুন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় অংশ নেবেন। ১৮ জুন নিউ ইয়র্কের কিশোরগঞ্জ সমিতির আয়োজনে একটি সংর্বধনায়ও যোগ দেবেন তিনি।
১০ দিনের সফর শেষে আগামী ২২ জুন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
