২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিনযুক্ত পণ্য ঠেকাতে চট্টগ্রামেও চেকপোস্ট

ফরমালিনযুক্ত পণ্যের সরবরাহ ঠেকাতে রাজধানীর পর বন্দরনগরী চট্টগ্রামেও চেকপোস্ট বসাবে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 09:56 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

বুধবার চট্টগ্রাম এক মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার জানান, রমজানকে সামনে রেখে পণ্যে ফরমালিন ঠেকাতে আগামী সপ্তাহ থেকে নগরীর সিটি গেইটে বসবে পুলিশের চেকপোস্ট।

আসন্ন রমজানে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘœ রাখার লক্ষ্যে সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম চেম্বারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

সভায় ব্যবসায়ী নেতারা বাজারে ফরমালিনযুক্ত পণ্য বিক্রি ঠেকাতে অভিযান জোরদার করার দাবি তুললে বনজ কুমার জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গত বছর নগরীর তিনটি বাজারে ফরমালিন পরীক্ষার যন্ত্র বসানো হয়েছে।

“ফরমালিন ঠেকাতে পরিচালিত মোবাইল কোর্টকে পুলিশ সহায়তা করবে এবং পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় চেকপোস্ট বসানো হবে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, জেলার বাইরে থেকে আসা পরিবহনে থাকা পণ্য পরীক্ষা করলে ফরমালিনযুক্ত ফলমূল নগরে প্রবেশ অনেকাংশে ঠেকানো যাবে।     

তিনি রমজানে যানজট রোধে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাধারণ মানুষসহ সবার সহায়তা কামনা করেন।

ঈদের কেনাকাটা নির্বিঘœ করতে সিএমপি কাজ করছে জানিয়ে বনজ কুমার নারীদের নিরাপত্তা এবং ইভটিজিং রোধে বিপণীবিতান মালিকদের নারী স্বেচ্ছাসেবক নিয়োগের আহবান জানান।

ফরমালিনযুক্ত ফলের সরবরাহ রোধে বুধবার থেকে রাজধানীর আটটি প্রবেশপথে চেকপোস্ট বসানোর ঘোষণা রয়েছে পুলিশের।

‘রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থাকবে’ 

সভায় আসন্ন রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেছেন ব্যবসায়ীরা। তেল, ডাল, চাল, ছোলা, পেয়াঁজসহ প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে এবং রমজানে এসবের দাম বাড়বে না বলেও তারা আশ্বাস দেন।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ বলেন, “পাইকারি বাজারে পণ্য মজুদ পর্যাপ্ত রয়েছে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা দাম বেশি নিচ্ছেন না। খুচরা বাজারের কোথাও বেশি নেয়া হয়।”

ক্যাব, চট্টগ্রামের সদস্য সচিব কাজী ইকবাল বাহার ছাবেরী রোজায় পণ্যমূল্য ঠিক রাখতে নগরীর ১৭টি বাজারে পৃথক মনিটরিং সেল গঠনের দাবি জানান।

চট্টগ্রামের বাজারগুলোতে রমজানের আগে থেকেই জেলা প্রশাসনের পাঁচজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পণ্যমূল্যের বিষয়ে যেকোনো তথ্য জানাতে ‘হট লাইন’ চালু করা হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূইয়া, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নুরুল আলম প্রমুখ।