২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মন্দিরে আগুন

নওগাঁর ধামইরহাট উপজেলার রসপুর গুচ্ছুগ্রামের একটি মন্দির পুড়ে গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 09:08 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

মঙ্গলবার গভীর রাতে এই ঘটনায় মন্দিরের বেড়া ও টিনের ছাউনির পুড়ে গেলেও ৬টি প্রতিমা অক্ষত থাকে। পরে গ্রামবাসী আগুন নেভায়।

কেউ এ আগুন দিয়েছে কি না কিংবা দিলে কারা দিয়েছে তা জানাতে পারেনি কেউ।

ঘটনাটি থানা পুলিশকে জানালেও বুধবার সন্ধ্যা পর্যন্ত সেখানে কোনো পুলিশ যায়নি বলে অভিযোগ করেন মন্দির পরিচালনা কমিটির লোকজন।

ওই গ্রামের বাসিন্দা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বৈদ্যনাথ বাবু জানান, রাত আড়াইটার দিকে মন্দিরে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে গ্রামবাসীকে ঘুম থেকে ডেকে আগুন নিভানো হয়। মূর্তিগুলোর কোন ক্ষতি না হলেও মন্দিরের বেড়া ও টিনের ছাউনির পুড়ে গেছে।

তিনি বলেন এই ঘটনা খবর তারা তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানিয়েছেন। কিন্তু বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোনো পুলিশ ঘটনাস্থলে যায়নি।

নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবলাল টুডু বলেন, ওই গুচ্ছ গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রায় তিন বছর ধরে অস্থায়ীভাবে ওই মন্দির নির্মাণ করে পূর্জা অর্চনা করছে। হঠাৎ মন্দিরে আগুনের ঘটনায় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন শংকিত হয়ে পড়েছে।

এর আগেও উপজেলা সদরে একই রাতে দুটি মন্দিরসহ ৫টি মন্দিরে প্রায় ১০/১২টি প্রতিমা ভাংচুর করা হলেও প্রশাসনের পক্ষে থেকে তার কোনো কার্যকার পদক্ষেপ নেয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে খেলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী বলেন, দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

ধামইরহাট থানার ওসি একেএম মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলও পরিদশন করা হয়েছে এবং স্থানীয় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের লোকজনদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে।