সাড়ে ৪ মণ আম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪ মণ ফরমালিনযুক্ত আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এজন্য এক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই এলাকার চারটি আড়তে অভিযান চালিয়ে জিহান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে মজুদ আমে ফরমালিন পাওয়া গেছে।
“পরে প্রতিষ্ঠানটি থেকে ফরমালিনযুক্ত ৪ মণ ২৬ কেজি আম জব্দ এবং এর মালিক শহীদুল আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।”
এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।
অবৈধ দখলদার উচ্ছেদ
নগরীর আগ্রাবাদ সিজিএস (মসজিদ) কলোনির সরকারি বাসায় অবৈধভাবে বসবাস করা দুটি পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
সকালে অভিযানের পর কলোনির দুই নম্বর ভবনের ২/১১ এবং ২/১৭ নম্বর বাসা দুটি সিলগালা করে দেয়া হয় বলে ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান জানান।
তিনি বলেন, ভভনে পাঁচটি পরিবার অবৈধভাবে বসবাস করে আসছে। প্রশাসনের নির্দেশে তিনটি পরিবার চলে গেলেও এই দুটি পরিবার বাসা ছাড়েনি।
