পাঁচ বিচারকের শপথ বৃহস্পতিবার
হাই কোর্ট বিভাগের স্থায়ী হওয়া পাঁচ অতিরিক্ত বিচারকের শপথ বৃহস্পতিবার হবে।
বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুরাতন সড়ক ভবনে অবস্থিত মিলনায়তনে স্থায়ী হওয়া নতুন পাঁচ বিচারককে শপথ পড়ানো হবে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নতুন বিচারকদের শপথ বাক্য পাঠ করাবেন। রীতি অনুসারে ওই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকরা উপস্থিত থাকবেন।
স্থায়ী নিয়োগ পাওয়া বিচারকরা হলেন- বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ।
২০১২ সালের ১৪ জুন এই পাঁচ বিচারকসহ মোট ৬ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। দুই বছরের মাথায় গত ৯ জুন তাদের মধ্যে উল্লিখিত ৫জনকে স্থায়ী করা হয়। অন্য বিচারক হচ্ছেন বিচারপতি এবিএম আলতাফ হোসেন।
