সচিবালয়ে অগ্নিকাণ্ড
জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের একটি ভবনের ১৯তলায় বুধবার অগ্নিকাণ্ড ঘটেছে।
বিকাল পৌনে ৫টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলায় লাগা এই আগুন ১০ মিনিটের মধ্যে নেভানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,ওই মন্ত্রণালয়ের ফ্লোরের পশ্চিম পাশে একটি কক্ষ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে সবাই বেরিয়ে আসে।
তিনি বলেন, নিজস্ব অগ্নিনির্বাপন সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর কাজ চলছিল। এরমধ্যেই ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, ওই কক্ষটি ছিল বৈদ্যুতিক কক্ষ। ওই কক্ষের একটি বৈদ্যুতিক বক্সে আগুন লাগে।
বৈদ্যুতিক গোলযোগের কারণে এই আগুন লাগে বলে তিনি জানান।
