২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ফেরা, আর যানজটের ভোগান্তি

মহাখালীর ওয়্যারলেইস গেইট থেকে বৈশাখী পরিবহনের বাসে উঠেছিলেন তিতুমীর কলেজের ছাত্র আবির হাসান। কয়েকশ’ গজ পেরিয়ে মহাখালী আমতলীতে এসেই আটকে যায় তার বাস।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 05:53 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

বুধবার বেলা আড়াইটার দিকে বৈশাখী পরিবহনের ওই বাসটি যখন যানজটে আটকে ছিল, তখন মহাখালী থেকে কোনো দিকেই যাওয়ার কোনো পথ ছিল না।

চীন সফর শেষে প্রধানমন্ত্রীর ফেরার সময় ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেইট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী সড়কটি বন্ধ থাকায় দুপুরের পর থেকে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানফেরত যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।  

প্রায় দেড় ঘণ্টা মহাখালীতে আটকে থেকে সাভারের উদ্দেশে ছেড়ে যেতে পেরেছিল বৈশাখী পরিবহনের বাসটি, যাতে কলেজছাত্র আবিরের মতো অর্ধশতাধিক যাত্রী ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন দুপুর ২টায়। এরপর তিনি গাড়িতে চড়ে বাড়ির পথে রওনা হন।

ওই সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে সড়কের দুই ধারে অবস্থান নেয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা, যা ব্যস্ত সময়ে যানজট আরো বাড়িয়ে তোলে।

জাহাঙ্গীর গেইটের পর যেতে না পারায় মহাখালী-বনানী উড়াল সড়কে একপাশে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় কয়েকশ’ গাড়িকে। আটকে বাসগুলোর অনেক যাত্রীকে নেমে থাকতেও দেখা যায়। তবে অন্য পাশ ছিল প্রায় গাড়িশূন্য।

গরমে অতিষ্ঠ হয়ে বাস থেকে নেমে দাঁড়ানো মিজানুর রহমান নামে এক যাত্রী ক্ষুব্ধ কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয়া অবশ্যই জরুরি। কিন্তু এভাবে রাস্তা আটকে রেখে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলাটা কতটুকু যৌক্তিক?”

মিজানুরের সঙ্গে কথা বলার সময় এগিয়ে আসেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত সাব্বির আহমেদ নামে আরেক জন। উত্তরা থেকে মিরপুর যাচ্ছিলেন তিনি।

সাংবাদিক পরিচয় জানতে পেরে তিনি বলেন, “এদেশে সাধারণ মানুষের জীবনের যেমন মূল্য নেই, সময়েরও মূল্য নেই।

“আপনারা তো সাংবাদিক, মানুষের কণ্ঠস্বর। আপনারা এসব কেন লেখেন না।”

প্রধানমন্ত্রীর গাড়িবহর জাহাঙ্গীর গেইট অতিক্রমের পর কয়েক ঘণ্টার এই তীব্র যানজটের অবসান ঘটে, গাড়িগুলোও ধীরে ধীরে চলতে শুরু করে।