পুরান ঢাকায় সোনার দোকান লুট
পুরান ঢাকার তাঁতীবাজারে গুলি চালিয়ে গহনার একটি দোকানে লুটপাট চালিয়েছে দুর্বৃত্ত দল।
বুধবার দুপুর আড়াইটার দিকে ৮১ নম্বর তাঁতীবাজারে রাধিকা বসাক লেনের ‘ধর চেইন অ্যান্ড কাস্টিং হাউজ’ এ দুর্বৃত্ত দল হানা দেয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
হামলাকারীদের গুলিতে দোকানের মালিক সুমন সূত্রধর (৩৬) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি গুলি সুমনের বাম উরুতে লেগেছে।
দুর্বৃত্তের হামলায় আহত ওই দোকানের কর্মচারী অজয় কুমার সরকার (৩৫) ও গঙ্গা সেন (৪০) মিটফোর্ড হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
ওই দোকানের কর্মচারী স্বপন হাসপাতালে সাংবাদিকদের বলেন, ৭/৮ জন যুবক দোকানে এসে সুমনকে গুলি করে। এসময় অন্যরা সবাই ভয়ে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে।
দোকান থেকে দুর্বৃত্তরা কী পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়েছে, তার সঠিক কোনো হিসাব দিতে পারেননি তিনি। তবে দোকানের অন্য কর্মচারীদের ধারণা, শতভরি স্বর্ণালঙ্কার লুটপাট হয়েছে।
কর্মচারীরা জানান, কয়েকজন যুবক একসঙ্গে দোকানে ঢুকেছিল। তাদের দেখে ক্রেতা মনে করেছিলেন তারা। দোকানে ঢুকেই তারা গুলি চালায়। লুটপাট করে বেরিয়ে যাওয়ার সময় রাস্তায় কয়েকটি হাতবোমা ফাটায়।
লুটপাটের পর ওই দোকানে গিয়ে দেখা যায়, দোকানের একটি বাক্স ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো।
দোকানটিতে সোনা দিয়ে গহনা বানানো হয়। এতে কর্মচারী রয়েছেন সাত/আটজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-উপকমিশনার আব্দুল সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
কত ভরি সোনা বা গহনা লুট হয়েছে তার তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
এই ঘটনার পর আশপাশের প্রায় ৫০ জন দোকান মালিক ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে মিছিল করে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
