২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 03:38 PM

Updated : 22 Aug 2022, 08:37 PM

পুলিশ জানায়, বুধবার ভোরে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের সোলারকোলা গ্রামের বাড়ি থেকে আব্দুল লতিফ তালুকদারকে (৭৫)  গ্রেপ্তার করে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি ওই গ্রামের প্রয়াত জিন্দর আলী তালুকদারের ছেলে।

গ্রেপ্তার আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, বাজারে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। ইতিহাসে ঘটনাটি শাখারীকাঠি গণহত্যা নামে পরিচিত।

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর পর ২০০৯ সালে নিমাই চন্দ্র দাস নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে আব্দুল লতিফ তালুকদারসহ ২০-৩০ জনের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মামলাটি দায়ের করেন।

এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাট জেলায় মোট ৬৩টি মামলা হয়। মামলাগুলো তদন্ত করে ডাকরা গণহত্যা, শাখারীকাঠি গণহত্যাসহ কিছু মামলা আমলে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, নিমাই চন্দ্র দাসের মামলাটি (শাখারীকাঠি গণহত্যা মামলা) গত বছরের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে পাঠানো হয়। আদালত মামলাটি আমলে নিয়ে মঙ্গলবার (এ বছরের ১০ জুন) আব্দুল লতিফ তালুকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠিয়েছে।

কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আব্দুল লতিফ তালুকদারকে গ্রেপ্তার করে সকালেই ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।