মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগপত্র
চট্টগ্রামের লালখান বাজারে হেফাজতি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহতের ঘটনায় করা হত্যা মামলায় মুফতি ইজহার ও তার ছেলে হারুণের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতের পুলিশ প্রসিকিউশন শাখায় মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম অভিযোগপত্র জমা দেন।
আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্রে মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, তার ছেলে মুফতি হারুণ ইজাহার ছাড়াও আরো তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
এরা হলেন, জুনায়েদ, হাবিবুর রহমান ও ইসহাক।
তিন পৃষ্ঠার অভিযোগপত্রে সাক্ষী রাখা হয়েছে ৩৪ জনকে। বৃহস্পতিবার এ অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে।
হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহার বর্তমানে পলাতক থাকলেও তার পুত্র হারুণ বিন ইজাহার গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কারাগারে আটক আছেন।
মুফতি হারুণও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা। হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত অপর তিনজনও কারাগারে আটক আছেন।
গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিন জনের মৃত্যু হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুতে এটিকে ল্যাপটপ বিস্ফোরণ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা, এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।
এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।
গত ১০ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায়ও মুফতি ইজাহার ও তার ছেলে হারুণসহ নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৬ এপ্রিল এই মামলার অভিযোগও গঠন করা হয়েছে।
গত ২৮ মে এসিড আইনের মামলাতেও বাবা-ছেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এছাড়া সম্পদ বিবরণীর মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।
