২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট

বাস ভাংচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাস ও মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 12:59 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার সকাল ৮টায় শ্রমিকরা শহরের শহীদ হাসান চত্বরে প্রধান সড়কের উপর বাস রেখে জেলা শহর থেকে সব রুটের রাস্তা বন্ধ করে দেয়। এতে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বাস শ্রমিক রবিউল হক বলেন, বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে জেলার প্রধান সড়কে নছিমন, করিমন, ইজিবাইক চলাচল বন্ধ করার দাবি জানানোয় সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার নতুনবাজারে অটোরিকশা চালকরা দুটি বাস ভাংচুর করে। এর আগের দিন দৌলাতদিয়াতেও দুটি বাস ভাংচুর করে তারা।

“এ ঘটনার প্রতিবাদে সকাল ৮টায় বাস শ্রমিকরা চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে প্রধান সড়কের ওপর বাস রেখে সব রুটের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।”

চুয়াডাঙ্গা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দার বলেন, বাস ভাংচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটে আন্ত:জেলা বাসসহ ঢাকাগামী পরিবহন চলাচলও বন্ধ থাকবে।

বাস ভাংচুরকারীদের গ্রেপ্তার করা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই খলিলুর রহমান জানান, শহীদ হাসান চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (সার্কেল/সদর) মো. কামরুজ্জামান বলেন, “ধর্মঘট ডাকার পর বাস মালিক-শ্রমিকদের সঙ্গে ছোট পরিসরে একটি বৈঠক হয়েছে। বৈঠকে উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি সমাধানে পৌঁছানো যাবে।”