২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পর্যায়েও গণশুনানি

জনগণের অভিযোগ গণশুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে জেলার পাশাপাশি উপজেলা পর্যায়েও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 10:25 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব/জ্যেষ্ঠ সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এই নির্দেশনা দেয়।

এতে বলা হয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহে একদিন গণশুনানি করে জনগণের বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে।

বর্তমানে জেলা প্রশাসকরা প্রতি বুধবার জনগণের অভাব-অভিযোগ শুনে তা নিষ্পত্তির ব্যবস্থা করেন।

গত ৭ এপ্রিল সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবাপ্রত্যাশী জনগণের অভাব-অভিযোগ সরাসরি শুনতে গণশুনানির আওতা বাড়ানোর নির্দেশনা দেন।

‘শুনানির মূল উদ্দেশ্য জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসের নাগরিক সনদের ভিত্তিতে দেয়া সেবার মান উন্নয়ন’ উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, অধিদপ্তর ও সংস্থাগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের অফিস প্রধানরা এ গণশুনানি করবেন।

মন্ত্রণালয় ও বিভাগকে মাঠ পর্যায়ে দপ্তরগুলোতে শুনানির বিষয়ে আদেশ জারি করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে অফিস চলাকালে গণশুনানি গ্রহণ করতে হবে। ওই দিন সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে শুনানি করতে হবে। শুনানির দিন অন্য কোনো সভা, অনুষ্ঠান, পরিদর্শনের কর্মসূচি রাখা যাবে না।

অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণকারী অফিস সংক্রান্ত না হলে সংশ্লিষ্ট অফিস প্রধানের সঙ্গে দ্রুত যোগাযোগ করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

লিখিত, মৌখিক বা অনলাইনে পাওয়া আবেদন-অভিযোগ শুনানির জন্য নেয়া যাবে। যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত হলে টেলিফোনেপ্রাপ্ত অভিযোগও বিবেচনায় নেয়া যাবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে।

জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিজেদের গণশুনানি ছাড়াও অধীনস্ত উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের গণশুনানি পরিবীক্ষণ করতে বলা হয়েছে।

গণশুনানি সংক্রান্ত প্রতিবেদন পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে উপজেলা কার্যালয় থেকে জেলা কার্যালয়ে এবং ১০ তারিখের মধ্যে জেলা কার্যালয়ের থেকে (প্রযোজ্য ক্ষেত্রে) বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে পাঠাতে হবে।

মন্ত্রণালয় বা বিভাগ গণশুনানির বিষয়ে নেয়া কার্যক্রমের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।