সিলেটে সীমানা নিয়ে সংঘর্ষে মহিলা নিহত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত হাজেরা বেগম (৩৫) বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ জমসেদ আলম জানান, নিহতের স্বামী হাবিবুর রহমানের সঙ্গে একই বাড়ির আব্দুল ওয়াহিদের দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ চলছে।
সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের কথা কাটকাটি হয় এবং এক পর্যায়ে তাদের সংঘর্ষ শুরু হয়।
ওসি বলেন, এ সময় প্রতিপক্ষের শাবলের আঘাতে হাজেরা বেগম গুরুতর আহত হন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
