তিন দিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার
কথিত অপহরণের তিন দিন পর মুন্সীগঞ্জের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনদের দাবি, শনিবার অপহৃত হন মুন্সীগঞ্জের সরকারি হরঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের ছাত্রী আফরোজা আক্তার শান্তা (২১)।
সোমবার সন্ধ্যায় জেলা শহরের জেনারেল হাসপাতালের সামনে তার লাশ পায় পুলিশ।
এ ঘটনায় শান্তার বাবা বিটিভির হিসাবরক্ষক মো. আসাদুল্লাহ মাদবর একটি মামলা করেছেন, যেখানে নাজমুল হাসান, তার বাবা মুন্সীগঞ্জ আদালতের পেশকার আব্দুস সাত্তার মোল্লা ও খালু আলী আহমদ বিপ্লবসহ অজ্ঞাত পরিচয় ২/৩ জনকে আসামি করা হয়।
এদের মধ্যে আলী আহমদ বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে হরগঙ্গা কলেজের পাশে কোচিং করে বাসায় ফেরার পথে শান্তা নিখোঁজ হন। তবে বিষয়টি পরিবারের সদস্যরা পুলিশকে জানায়নি।
আটক বিপ্লবের বরাত দিয়ে ওসি জানান, নাজমুল ইসলাম শনিবার শান্তাকে ঢাকার সাভারে নিয়ে রাখে। সোমবার বিকাল পৌনে ৩টায় শান্তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া, সেখানে শান্তার মারা যাওয়া এবং সেখান থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ ছেড়ে দেয়ার বিষয়টি খুবই রহস্যজনক বলে মনে করছেন ওসি।
ওসি শহিদুল আরো জানান, সাভার থেকে ভাড়া করা এ্যাম্বুলেন্সে করে শান্তার লাশ নিয়ে আসা হয়। এ্যাম্বুলেন্সে করে এসে নাজমুল ইসলাম মুক্তারপুর এলাকায় নেমে যায়। তবে নাজমুলের খালু আলী আহম্মদ রয়ে যান।
লাশবাহী এ্যাম্বুলেন্সটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এলে পুলিশ আলী আহম্মদ ও অ্যাম্বুলেন্স চালককে আটক করে।
সুরতহাল রিপোর্টের সময় উপস্থিত থাকা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, গলায় আঘাত রয়েছে এবং মুখ ও নাক দিয়ে লালা বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধরাণা করা হচ্ছে শ্বাসরোধজনিত কারণে মৃত্যু হতে পারে।
শান্তার মা মমতাজ বেগম ও বাবা মো. আসাদুল্লাহ মাদবরের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে শান্তা সবার ছোট।
শহরের রনছ রহিতপুর মাদবর বাড়ি জামে মসজিতে জানাজা শেষে কাটাখালী কবরস্থানে বিকাল ৩টায় শান্তার লাশ দাফন করা হয়।
