২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পুলিশ পরিচয়ে ২৮ লাখ টাকা ছিনতাই

ঝালকাঠীতে ডিবি পুলিশ পরিচয়ে দুই বিকাশকর্মীর কাছ থেকে ২৮ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 06:00 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ঝালকাঠী-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিকাশের ঝালকাঠী অফিসের সরবরাহ ম্যানেজার তৈমুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাশ এজেন্টদের ছোট দোকানগুলোতে ব্যবসায়িক লেনদেনের জন্য তাদের অফিসের দুই কর্মী (বিক্রয় প্রতিনিধি) সরদার কবির আহমেদ (৪৭) ও রুবেল মৃধা (২৭) মোটরসাইকেলে করে রাজাপুর হয়ে কাঠালিয়ায় যাচ্ছিলেন। দুপুরে এ ছিনতাইয়ের কথা জানতে পারেন তারা।

ছিনতাইয়ের কবলে পড়া বিকাশের ঝালকাঠী অফিসের বিক্রয় প্রতিনিধি সরদার কবির আহমেদ জানান, মোটরসাইকেল নিয়ে ঝালকাঠী-খুলনা মহাসড়কে ছত্রকান্দা পৌঁছালে একটি সাদা রংয়ের মাইক্রোবাস তাদের থামায়। গাড়ি থেকে নেমে সাদা পোশাকে দুজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের গাড়িতে তুলে নেয়।

এরপর গাড়িতে থাকা চালকসহ আরো ছয়জন তাদের চোখ বেঁধে মারধর করে। দুটি ব্যাগে থাকা বিকাশ লেনদেনের ২৮ লাখ টাকা নিয়ে যায়।

এরপর মাইক্রোবাসটি চালিয়ে সদর উপজেলার শেখেরহাট ইউপির বারুহার গ্রামের রাস্তার পাশে হাত ও চোখ বেঁধে তাদের ফেলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতাল পরিদর্শনকালে ঝালকাঠী সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিবি পুলিশের পরিচয়ে কারা এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।