জামালপুরে রাস্তা নির্মাণ নিয়ে দুই গ্রামবাসীর সংর্ঘষ
জামালপুরের মেলান্দহে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পর বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার টুপকার চর ও শাহজাদপুর খানপাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়।
মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম জানান, টুপকার চর থেকে মেলান্দহ রেল স্টেশন পর্যন্ত ফসলি জমির মাঝখান দিয়ে প্রায় ৩ কিলোমিটার সরু রাস্তা আছে। দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়েই লোকজন চলাচল করে।
তিনি বলেন, টুপকার চরের কয়েক শ লোক সোমবার রাতে জমির ফসল কেটে রাস্তা নির্মাণ করতে থাকে। রাতেই পুলিশ গেলে রাস্তা নির্মাণ বন্ধ থাকে।
সকালে ফের রাস্তা নির্মাণের চেষ্টা চালালে শাহজাদপুর খানপাড়া ও টুপকার চরের বাসিন্দারা মুখোমুখি অবস্থান নেয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এলাকাবাসী জানান, হাঁটার সরু রাস্তাকে বড় রাস্তা এবং যানবাহন চলাচলের উপযোগী করার উদ্যোগ নেয় টুপকার চর এলাকাবাসী। সোমবার গভীর রাতে টুপকার চর গ্রামের লোকজন সরু ওই রাস্তার দুইপাশের জমির ফসল কেটে রাস্তা নির্মাণ করতে থাকে।
সকালে এ নিয়ে দুই গ্রামের বাসিন্দারা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১৫ জন সামান্য আহত হয়েছে।
এ সময় টুপকার চর গ্রামের বাসিন্দা আবু সাঈদ মাস্টারের দাগি এলাকার বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এছাড়া টুপকার চর এলাকার মোস্তাক হোসেনের বাড়ি ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটে।
