সিলেটে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি
সিলেটে কালেক্টরেট কার্যালয়ের সহকারীদের (৩য় শ্রেণির কর্মচারী) পদবী পরিবর্তন ও সম্মানজনক বেতন স্কেলের দাবিতে তিন ঘণ্টা কর্মবিরতি করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)।
সমিতির (বাকাসস) সিলেট জেলা শাখা মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে কর্মবিরতি ছাড়াও ছিল বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা স্বত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থপনা অনুবিভাগ কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ প্রক্রিয়া বিলম্বিত করছে।
তিনি বলেন, কালেক্টরেটদের দাবির প্রেক্ষিতে ২০১৩ সালের ৫ ও ২৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় কালেক্টরেটদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের সুপারিশ করা হয়। কিন্তু সংশ্লিষ্ট বিভাগ এ নির্দেশনা মানছে না।
ফলে দাবি আদায়ের লক্ষ্যে সিলেটসহ সারাদেশে কালেক্টরেট সহকারীরা আন্দোলনে নেমেছেন।
এর আগে তারা গত ১, ২ ও ৩ জুন এক ঘণ্টা করে ও ৫, ৮ ও ৯ জুন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন।
দাবি না মানলে আগামী ১১ ও ১২ জুন ৩ ঘন্টা করে এবং ১৫ জুন সারাদিন কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।
