ট্রাকের ধাক্কায় দাদা-নাতনীর মৃত্যু
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় ট্রাকের ধাক্কায় শত বছর বয়সী এক বৃদ্ধ ও তার নাতনীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় নিহতরা হলেন মো. কসির খান (১০০) ও তার নাতনী তাহমিনা রহমান খুকি (৩৪)।
স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, খুকি দাদা কসিরকে নিয়ে রিকশায় করে যাত্রাবাড়ীতে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। তাদের সঙ্গে খুকির জা সুমি আক্তারও (৩০) ছিলেন।
“কোনপাড়ার বামইন বাসস্ট্যান্ডের কাছে পেছন থেকে একটি ট্রাক তাদের রিকশাকে ধাক্কা দিলে কসির ও খুকি মারাত্মক আহত হন।”
দুই জনকে হাসপাতালে আনার পর চিকিৎসক খুকিকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ মারা যান বৃদ্ধ কসির খান।
খুকির স্বামী লুৎফর রহমান হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় সুমি সামান্য আহত হয়েছেন।
ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এদিকে চিকিৎসক খুকিকে মৃত ঘোষণার পর তার স্বামী ও জা সুমি লাশ নেয়ার সময় আনসার সদস্যরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে হৈ-চৈ হয়। পরে শাহবাগ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশের অনুমতি ছাড়া লাশ নিয়ে যেতে বাধা দেয়ায় হৈ-চৈয়ের ঘটনা ঘটে বলে জানান পরিদর্শক মোজাম্মেল।
