আটক র্যাব সদস্যদের বাহিনীতে ফেরত
রাজধানীর উত্তরখানে ‘জমি দখল’ করতে গিয়ে গ্রেপ্তার দুই র্যাব সদস্যকে তাদের নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছে আদালত।
এই দুইসদস্যসহ পাঁচজনকে রোববার দুপুরে দ্রুত বিচার আইনে গ্রেপ্তার করে উত্তরখান থানা পুলিশ। সোমবার তাদের আদালতে হাজির করার পর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেয়।
র্যাব সদস্যের দুজনের একজন সেনাবাহিনীর মিজানুর রহমান (৩২) এবং অন্যজন নৌবাহিনীর আবদুল্লাহ আল মাহমুদ (৩০)।
জমি দখলে সহায়তা করতে গিয়ে ভাংচুর,লুটপাট এবং চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এই বিষয়ে র্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার সদস্যদের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী র্যাব সদর দপ্তর কাজ করবে।
এই দুজনের কর্মস্থল কোথায় ছিল- জানতে চাইলে সরাসরি উত্তর এড়িয়ে তিনি বলেন, “শুনেছি তারা ছুটিতে ছিলেন। তারা স্বজনের ফোন পেয়ে উত্তরখানে গিয়ে একটি ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।”
মিজান ও মাহমুদকে সোমবার দুপুরে ঢাকার মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে নেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার উপপরিদর্শক এসকান্দার আলী তাদের নিজ নিজ বাহিনীতে পাঠিয়ে দেয়ার আবেদন করা হলে তা মঞ্জুর হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান।
তিনি বলেন, “গ্রেপ্তার বাকি তিনজনের জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।”
এই তিনজন হলেন- জহির উদ্দীন (৩৫), শেখ মোহাম্মদ নাহিদ (৩১) ও রিফাত হক পিয়াল (২০)।
যে জমির দখল নিয়ে মামলায় জড়িয়েছেন র্যাবের দুই সদস্য, ওই জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
এর মধ্যে বাইরের পক্ষ রোববার দুপুরে জমিতে অবস্থানকারী পক্ষকে উৎখাত করতে গেলে স্থানীয়রা পাঁচজনকে ধরে পুলিশে দেয়।
দক্ষিণ ফৌজির বাতান এলাকার কয়েক কাঠার ওই জমি ভোগদখলকারী হুমায়ুন কবির মামুন নামে একজন সেখানে নয়টি ঘর তুলে তা ভাড়া দিয়েছেন। রোকেয়া বেগম নামে এক নারীও ওই জমির মালিকানা দাবি করছেন।
