চট্টগ্রামে বাংলা একাডেমির ছয়দিনের বইমেলা
চট্টগ্রামে বাংলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার থেকে ছয়দিনের বইমেলা শুরু হচ্ছে।
নগরীর মসুলিম ইনস্টিটিউট মিলনায়তনে ‘বইয়ের আড়ং’ নামের এ মেলায় চট্টগ্রামের বইপ্রেমিরা ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে বাংলা একাডেমি প্রকাশিত বই কিনতে পারবেন।
মঙ্গলবার সকালে এর উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদজায়া বেগম মুশতারী শফী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
‘বইয়ের আড়ং’-এর পাশাপাশি তিনদিন চট্টগ্রামের সাহিত্য, সাংবাদিকতা, লোক সাহিত্য ও সংস্কৃতি নিয়ে পৃথক তিনটি আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।
সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘বইয়ের আড়ং’-এর বিভিন্ন দিক নিয়ে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।
সংবাদ সম্মেলনে শামসুজ্জামান খান বলেন, “বাংলা একাডেমির বইকে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার মানুষের কাছে সহজে পৌঁছানোর লক্ষ্যে এই বইয়ের আড়ং এর আয়োজন করা হয়েছে।
“একাডেমির বিভিন্ন গবেষণা, অনুবাদ, জীবনীভিত্তিক বইসহ অভিধানের বিভিন্ন বই ৭০ শতাংশ কমিশনে বইপ্রেমিরা কিনতে পারবেন। প্রথম আড়ং ঢাকায় হয়েছে এবং দ্বিতীয়টি হচ্ছে চট্টগ্রামে। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় বাংলা একাডেমি যাবে।”
সংবাদ সম্মেলনে তিনি একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।
এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান খান বলেন, আগামী বইমেলায় একাডেমির ‘আধুনিক বাংলা অভিধান’ প্রকাশিত হবে, যেটি সম্পাদনা করছেন জামিল চৌধুরী।
একাডেমির বিক্রয়-বিপণন বিভাগ আগের চেয়ে শক্তিশালী হয়েছে জানিয়ে তিনি বলেন, “দেশের শীর্ষস্থানীয় সাহিত্যকর্ম অনুবাদের কাজ চলছে।”
চট্টগ্রাম, কুষ্টিয়া ও খুলনায় বাংলা একাডেমির বই বিক্রয়কেন্দ্র থাকলেও কয়েক বছর আগে থেকে সেগুলো বন্ধ রয়েছে।
নতুন করে চালুর কোন সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে শামসুজ্জামান খান বলেন, “বিক্রয়কেন্দ্রগুলো লোকসান দেয়ায় তা বন্ধ করে দেয়া হয়।
“বর্তমানে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় একাডেমির পক্ষ থেকে শক্তিশালী এজেন্ট নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। যেখান থেকে ঢাকার মতোই কমিশনে চট্টগ্রামসহ অন্যান্য জেলার পাঠকরা বই কিনতে পারবেন।’’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাশেদ রউফ, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।
বইয়ের আড়ং চলাকালে মঙ্গলবার ‘চট্টগ্রামে সাহিত্য চর্চা’, চট্টগ্রামের লোক সাহিত্য ও সংস্কৃতি’ ও চট্টগ্রামে সাংবাদিকতার বিকাশ’ শীর্ষক পৃথক তিনটি আলোচনা অনুষ্ঠিত হবে।
এসব আলোচনায় চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
