দুবাইয়ে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হন চার জন।
রোববার আলগিল মোড়ে এ দুর্ঘটনায় নিহত রেজাউল করিম (২৭) মাদারীপুরের শিবচর উপজেলার চরশ্যামাইল মোল্লাকান্দি গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।
নিহতের চাচা শাহ আলম মোল্লা দুবাই থেকে ফোনে পরিবারের সদস্যদের এ খবর জানান।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে দুবাই যান রেজাউল। সেখানে রাসেল কিমা এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
গত ছয় মাস ধরে কোম্পানির মালিক তাদের বেতন না দেয়ায় রেজাউলসহ অনেক বাংলাদেশি শ্রমিক সে দেশের আদালতে মালিকের বিরুদ্ধে মামলা করেন।
রোববার দুপুরে ওই মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে আলগিল মোড়ে মাইক্রোস দুর্ঘটনায় নিহত হন রেজাউল।
আহত চার জনের একজন হলেন ইমরাত হোসেন। বাকি তিন জনের নাম জানা যায়নি।
