২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপা রানী হত্যায় রনির মৃত্যুদণ্ড(ভিডিওসহ)

ঘটনার চার বছর পর ফরিদপুরের মধুখালীর আলোচিত চাঁপা রানী হত্যা মামলার প্রধান আসামি দেবাশীষ সাহা রনিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 10:48 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক মৃত্যুদণ্ড দেয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খসরুজ্জামান দুলু জানান, পলাতক আসামি রনিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন বিচারক।

রায়ে বলা হয়েছে, পালাতক রনিকে আগামী ৭ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানাসহ গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হবে। এছাড়া রনির জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামি আলমগীর ও অপুকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ২০১০ সালের ২৬ অক্টোবর চাঁপা রানী ভৌমিককে মোটরসাইকেলে চাপা দেন বখাটে দেবাশীষ সাহা রনি। ফরিদপুর চিনিকলের কর্মচারী চাঁপা রানী ওই দিন বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ঘটনার পরদিন বিকালে রনিকে আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন তার ভাই অরুণ ভৌমিক। ৩১ অক্টোবর সকালে ঝিনাইদহ শহরের আরবপুর বাসস্ট্যান্ড থেকে রনিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, চাঁপা রানীর মেয়ে সে সময় ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়তো। বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো ওই এলাকার মদের ব্যবসায়ী রতন সাহার ছেলে রনি। 

উত্ত্যক্তের বিষয়টি মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমানকে জানালে রনি চাঁপা রানীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। 

এর জের ধরে ওই বছরের ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর চিনিকল গুদামের সামনে চাঁপা রানীর গায়ের উপর মোটরসাইকেল তুলে দেয় রনি।

২০১২ সালের ৮ জুলাই হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর থেকেই পলাতক আসামি রনি।

আদালতের রায়ে সন্তুষ্ট চাঁপা রানীর স্বামী স্বপন কুমার বিশ্বাস।

তিনি বলেন, “যে ন্যায়বিচার চেয়েছিলাম, তা পেয়েছি। দেশের আইন এখনও যে গরীবদের জন্য আছে এই রায়ের মধ্য দিয়ে সেটা প্রমাণ হলো।”

তিনি পলাতক রনিকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

পুরনো খবর:

বখাটের মটরসাইকেলে এবার প্রাণ গেলো মায়ের
চাঁপা 'হত্যাকারী' রনি গ্রেপ্তার
চাঁপা হত্যাকাণ্ড: রনি ফের রিমান্ডে