২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটের মটরসাইকেলে এবার প্রাণ গেলো মায়ের

উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষক মিজানুরের পর এবার বখাটের মটর সাইকেলের ধাক্কায় প্রাণ দিতে হলো এক মাকে। (আরো তথ্যসহ)

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 11:30 AM

Updated : 26 Apr 2022, 01:32 AM

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে বখাটে যুবক দেবাশীষ সাহা রনির (২৪) মটর সাইকেলের ধাক্কায় মারা যান চাঁপা রাণী ভৌমিক (৪৮)।

চাঁপা রাণী নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রনি এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

তিনি ফরিদপুর চিনিকলের বাণিজ্যিক বিভাগের কর্মী ছিলেন।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মধুখালী সদরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনতা।

এ সময় চিনিকল শ্রমিক-কর্মচারী, চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মহিলা পরিষদ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।

ঘটনার বিচার দাবি করে পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারক লিপি দেয়।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, রনিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন চাঁপা রানীর ভাই অরুণ ভৌমিক।

তিনি জানান, রনিকে গ্রেপ্তার করা যায়নি। তবে তার মটর সাইকেলটি আটক করা হয়েছে।

এলাকাবাসী জানায়, চাঁপা রাণীর মেয়ে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে। দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলো ওই এলাকার মদের ব্যবসায়ী রতন সাহার ছেলে রনি।

বিষয়টি মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমানকে জানালে সে চাঁপা রাণীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।

এর জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে সে ফরিদপুর চিনিকল গুদামের সামনে চাঁপা রাণীর গায়ের উপর মটরসাইকেল তুলে দেয়।

মটর সাইকেলের ধাক্কায় ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পান চাঁপা রাণী। তাকে প্রথমে মধুখালী স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ৮টায় চিনিকলের প্রধান গেটে শ্রমিক কর্মচারীরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।