পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা উচ্ছেদ হচ্ছেন
চট্টগ্রামের পাহাড়ে অধিক ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ৬৬৬টি পরিবারকে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি।
একইসঙ্গে ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের দুর্যোগের সময় নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাবার সিদ্ধান্তও হয়েছে।
রোববার বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ত্রয়োদশ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ বলেন, "পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের পেছনে কিছু 'গডফাদার' রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘‘আর তালিকা অনুযায়ী ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। বৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার ব্যবস্থা করতে হবে।’’
পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিতে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ রয়েছে উল্লেখ করে তা বিচ্ছিন্ন করার কথা বলেন বিভাগীয় কমিশনার।
সভার শুরুতে পাহাড় ব্যবস্থাপনার কমিটির সদস্য সচিব ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদের ঝুঁকিপূর্ণ ৩০টি পাহাড়ের তালিকা এবং ১১টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ৬৬৬টি বসবাসকারী পরিবারের কথা তুলে ধরেন।
আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এছাড়া সভায় দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার কাজ তদারকির জন্য একটি কমিটিও করা হয়েছে, যার প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক)।"
এতে ফায়ার সার্ভিস, স্কাউটসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সদস্য রাখা হয়েছে বলেও জানান তিনি।
সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, "এক শ্রেণির লোক পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।"
এছাড়া পাহাড় কাটাকে মোবাইল কোর্টের আওতায় আনার চিন্তা চলছে বলেও জানান তিনি।
সভায় সিটি করপোরেশন, ফায়র সার্ভিস, রেলওয়ে, পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
