নীলফামারীতে প্রতিবন্ধীকে ‘ধর্ষণ’
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে।
রোববার নীলফামারী জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলাটি দায়ের করা হয়।
বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান মামলাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ থানার ওসিকে রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
গত ৭ জানুয়ারি রাতে ওই প্রতিবন্ধীকে বাড়ির পাশের পুকুর পাড়ে একা পেয়ে একই গ্রামের প্রয়াত তমিজ উদ্দিনের ছেলে ছাবেদ আলী (৪৫) ধর্ষণ করে।
বিষয়টি মীমাংসার নামে গ্রামের প্রভাবশালীরা সময়ক্ষেপণ করেন এবং ধামাচাপা দেয়ার চেষ্টা চালান।
এ অবস্থায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
শার্প নামে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ ঘটনায় ছোবেদ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
শার্পের প্রকল্প ব্যবস্থাপক মোস্তাহার-উল আলম জানান, ন্যায় বিচার নিশ্চিত করতে আদালতে মামলা দায়ের করার জন্য ওই প্রতিবন্ধীকে সহযোগিতা করা হয়েছে। ওই মামলা পরিচালনায় আর্থিক ও আইনি সহযোগিতা প্রদান করা হবে।
মামলার বাদীপক্ষের আইনজীবী সেলিম শাহ জানান, এর আগে ওই মামলাটি থানা কর্তৃপক্ষ গ্রহণ না কারায় আদালতে দায়ের করা হয়। নিরাপত্তাজনিত কারণে বর্তমানে ওই প্রতিবন্ধীকে রংপুরের একটি সেভ হোমে রাখা হয়েছে।
