চরমপন্থী সংগঠনের নামে ব্যাংকে চাঁদা দাবি
নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা, জনযুদ্ধ ও লাল পতাকার পরিচয়ে মোবাইল ফোনে চাঁদা চেয়েছে সিরাজগঞ্জের নয়টি উপজেলার সোনালী, অগ্রণী ও কৃষি ব্যাংকের অন্তত অর্ধশত শাখায়।
রাষ্ট্রায়াত্ত এই তিন ব্যাংকের শাখা কর্মকর্তাদের মোবাইল ফোনে গত সোমবার (২ জুন) থেকে কয়েকদিনে এ চাঁদা দাবি করে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে, ঋণ পরিশোধে ব্যর্থ ব্যাংকের কোনো গ্রাহক এ কাজে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সোনালী ব্যাংক লি. সিরাজগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রনেন্দ্রনাথ মন্ডল জানান, রোববার উল্লাপাড়া শাখা ব্যবস্থাপকের কাছে সর্বহারা পরিচয়ে ২৫ হাজার টাকার চাঁদা চেয়ে প্রথম হুমকি দেয়া হয়। এরপরই সবকটি উপজেলার অন্যান্য শাখায়ও অনুরূপ হুমকি দিয়ে একই পরিমাণ চাঁদা দাবি করা হয়।
এ কারণে কর্মকর্তাদের স্বজনরাও আতঙ্কে রয়েছেন বলে দাবি করে তিনি বলেন, এ অবস্থায় ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
এরমধ্যে তাড়াশ ব্যবস্থাপক শাহাদত হোসেনের কাছে তারা তিন লাখ টাকা চাঁদা দাবি করে। আতংকিত এই ব্যবস্থাপক ইতোমধ্যেই দুদফায় বিকাশের মাধ্যমে ৩৫ হাজার টাকা প্রদানও করেছেন। এখন তিনি ছুটিতে রয়েছেন।
শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখার সহকারী মহা-ব্যবস্থাপক শওকত আলী বলেন, সর্বহারা পরিচয়ে শাখা ব্যবস্থাপকদের কাছে চাঁদা দাবি করায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিটি শাখায় এক ধরনের অচলাবস্থায় বিরাজ করায় আগামীতে কাঙ্খিত লক্ষ্যমাত্রায় সরকারি ঋণ আদায়ে ব্যাঘাত ঘটার আশংকা করা হচ্ছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা বলেন, শুধু অগ্রণী, সোনালী বা কৃষি ব্যাংকে নয়, বেলকুচি উপজেলার ব্র্যাক ব্যাংকেও হুমকি দেয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার এস এম এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইলে চাদা দাবি করায় বিভিন্ন থানায় ব্যাংকের ব্যবস্থাপকরা বেশ কয়েকটি জিডি করেছেন। মোবাইল নম্বরগুলো সনাক্ত করার জন্য চেষ্টা চলছে।
ঘটনায় সর্বহারার পাশাপাশি ঋণ পরিশোধে ব্যর্থ ব্যাংকের গ্রাহক এ কাজে জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন বলেন, পুলিশ বাহিনী থেকে বিষয়টি জানানো হয়েছে। খুব শিগগিরই এসব বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।
