২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সমস্যায় কাশিমপুর কারাগার

গাজীপুরের কাশিমপুরে চারটি কারাগার রয়েছে, সেখানে ভিআইপি ও জঙ্গিসহ কয়েকহাজার বন্দি রয়েছেন। বর্তমানে অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের কারণে কারাগারগুলো নানা সমস্যার মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে পত্র ও টেলিফোনে অভিযোগ করলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে সংশ্লিষ্টা জানান।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ অভিযোগ করেন, “আশপাশের কল-কারখানায় নিয়মিত বিদ্যুৎ থাকলেও আমাদের কারাগারে থাকে না।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারাকর্মকর্তা জানান, একই এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার-১, ঢাকা কেন্দ্রীয় কারাগার-২, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার রয়েছে।

বিদ্যুৎ সরবরাহ নিয়মিত ও পর্যাপ্ত না হওয়ায় প্রতিদিন দেখা দেয় খাবার, রান্না ও গোসলের পানির সমস্যা। ফলে যথাসময়ে বন্দিদের খাবার সরবরাহ  করা যায় না।

এতে কারাবন্দিরা ক্ষোভ প্রকাশ করছেন বলেও জানান তিনি।

তিনি জানান, এছাড়া বিদ্যুৎ সরবরাহ সমস্যার কারণে কারাগারের বিভিন্ন নিরাপত্তা যন্ত্রপাতি- যেমন মোবাইল জ্যামার, মেটাল ডিটেক্টর, আর্চওয়ে, ইলেক্ট্রিফাইড ফেন্সিং ও সিসিটিভি নিরবচ্ছিন্নভাবে সচল রাখা সম্ভব হচ্ছে না।

ওই কর্মকর্তা আরো জানান, কারগারে জেনারেটর থাকলেও জ্বালানি বরাদ্দ না থাকায় সেগুলোও চালু করা হয় না। কারণ প্রয়োজনীয় বিদ্যুৎ সরবারাহ না থাকায় ওই ঘাটতি মেটাতে জেনারেটর চালু রাখতে দৈনিক যে পরিমাণ জ্বালানি খরচ প্রয়োজন হয়, মাস শেষে তা কয়েক লাখে পৌঁছাবে। তাই জেনারেটর চালু করা হয় না।

কোনাবাড়িস্থ গাজীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এজিএম মো. মোশারফ হোসেন জানান, ওই এলাকার জন্য প্রতিদিন ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু জাতীয় গ্রিড থেকে তারা পান ৩০-৪০ মেগাওয়াট। এজন্য তাদের লোডশেডিং করতে হচ্ছে। এছাড়া লাইন ট্রিপ করলে কিংবা লাইনের কাজ করতে গিয়েও মাঝে-মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়।