২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা 

দেশ ও প্রবাসের বরেণ্য কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণের   মধ্যে দিয়ে নিউ ইয়র্কে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 11:15 AM

Updated : 25 Apr 2022, 04:17 PM

১৩ জুন তিন দিনের উৎসবের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ।

গত শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উৎসব ও মেলা সমন্বয় কমিটির আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ।

বইমেলার আয়োজক নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান বিশ্বজিৎ সাহা, বইমেলা কমিটির সদস্য ফাহিম রেজা নূর, রানু ফেরদৌস, ডানা ইসলাম, সেমন্তী ওয়াহেদ ও বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন লেখক বিবেক বাল্ড এবং ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ২৩তম এই বইমেলায় বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের মধ্যে শারমিন আহমেদ রিপি, দাউদ হায়দার, মহাদেব সাহা, ফরিদুর রেজা সাগর, হাসান ফেরদৌস, ড. নূরন্নবী, আহমেদ মুসা, মাসুদা ভাট্টি, লুৎফর রহমান লিটন, সেজান মাহমুদ, নাজমুননেসা পিয়ারি, ড. গুলশান আরা কাজী, ড. দলিলুর রহমান, অর্ভিন ঘোষ, আলোলিত মুখোপাধ্যায়, মৃণাল চৌধুরী প্রমুখ অংশ নেবেন।

বই মেলায় ঢাকা ও কলকাতার ৮টি প্রকাশনা সংস্থার স্টল থাকবে। দেশ ও প্রবাসের লেখকদের প্রকাশিত আলোচিত গ্রন্থগুলো নিয়ে মেলামঞ্চে মুক্ত আলোচনা হবে। লেখকরা পাঠকের মুখোমুখী হবেন।

অভিনেতা জামালউদ্দিন হোসেন, কন্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রেখা আহমেদ, গার্গী মুখোপাধ্যায়ের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও থাকবেন তাদের নানা উপস্থাপনা নিয়ে।