২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুনমিং থেকে রওনা হয়ে দেশটির রাজধানী বেইজিং পৌঁছেছেন।

সুমন মাহবুব

বেইজিং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 08:34 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে এই সফরে যাওয়া শেখ হাসিনাকে সোমবার বেইজিংয়ে গ্রেট হল অফ পিপলসে গার্ড অফ অনার দেয়া হবে।

সেদিনই দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সূচি রয়েছে। এতে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হতে পারে।     

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিশেষ বিমানে কুনমিং ছাড়েন প্রধানমন্ত্রী। বেলা ২টায় বেইজিং পৌঁছলে তাকে স্বাগত জানান চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিং।

বিমানবন্দরে নামার পর দুটি শিশু শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দেয়। লাল গালিচা অভ্যর্থনার সঙ্গে চীনের সশস্ত্র বাহিনীর একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিবাদনও জানায়।

বিমানবন্দর থেকে মটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী দিয়াওইউতায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আসেন। বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী এখানেই থাকবেন।

বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অতিথি ভবন পর্যন্ত পথে শেখ হাসিনার যাতায়াতের সময় ওই সড়কে সব যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

বেইজিং পৌঁছে বিকালে চীনের জাতীয় বীরদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ‘মনুমেন্ট অফ দি পিপলস হিরো’ এ যান শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জুন।

চীনের জাতীয় বীরদের সমাধিতে শেখ হাসিনা ফুল দেয়ার সময় বাংলাদেশ এবং চীনের জাতীয় সংগীত বাজানো হয়।

সমাধিসৌধে ফুল দিয়ে শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময়, চীনা সশস্ত্র বাহিনীর একটি একটি দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং সেনাবাহিনীর বাদল দল বিউগলে করুণ সুর তোলে।

পরে, শেখ হাসিনা ‘মনুমেন্ট অফ দি পিপলস হিরো’ পরিদর্শন করেন। এসময়, তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম,  প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আজিজুল হক প্রমুখ।

‘মনুমেন্ট অফ দি পিপলস হিরো’ থেকে শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা বেইজিংয়ের চাওইয়াং থিয়েটারে যান। চাওইয়াং থিয়েটারে তারা অ্যাক্রোব্যাটিক শো দেখেন।

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর চীনে প্রথম সফরে শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং পৌঁছান শেখ হাসিনা।

কুনমিংয়ে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রদর্শনী কেন্দ্রেই চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি কুনমিং আন্তর্জাতিক সম্মেলনেও যোগ দেন।

চীন সফর শেষে ১১ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পুরনো খবর:

চীনের কাছে ৪০০ কোটি ডলার চাইবে বাংলাদেশ
উড়ে যায় সমঝোতা, মাথা তোলে বিভেদের কাঁটা…
চীনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে কুনমিং কমিউনিস্ট পার্টি নেতার সাক্ষাৎ