২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের কাছে ৪০০ কোটি ডলার চাইবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে চীনের কাছে ৪০০ কোটি ডলার চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 12:40 AM

Updated : 22 Aug 2022, 06:26 PM

ছয়টি সুনির্দিষ্ট প্রকল্পে এই অর্থায়ন চাওয়া হবে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার চীনের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। তার আগের দিনই সংসদে আগামী অর্থবছরের বাজেট উত্থাপন হবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফরে দ্বিপক্ষীয় বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারকও সই হবে।

শুক্রবার সকালে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল তার সফরসঙ্গী হবেন।

কুনমিংয়ে শুক্রবার দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। রাতে তার সম্মানে কুনমিংয়ের গর্ভনরের দেয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

কুনমিং আন্তর্জাতিক সম্মেলন এবং প্রদর্শনী কেন্দ্রেই চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়েং-এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে হাসিনার।শনিবার সেখানে নবম চীন–দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামে মূল প্রবন্ধ পাঠ করবেন তিনি।

রোববার কুনমিং থেকে বেইজিং যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রাজশাহী ওয়াসার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প ও কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বহুমাত্রিক ট্যানেল প্রকল্পের বিষয় আলোচনা হবে।

এছাড়াও কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় দ্বিতীয় রেল সেতু, চট্টগ্রাম-রামু-কক্সবাজার এবং রামু-গুনধুম রুটে নতুন রেল লাইন স্থাপন আলোচনায় স্থান পাবে।

কয়েক ধাপে বৈঠকের পর আগামী ৯ জুন যৌথ সংবাদ সম্মেলন হবে। ১১ জনু বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।