২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে অর্থনৈতিক সহযোগিতা বেড়ে এ অঞ্চলের দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল হবে।

সুমন মাহবুব

কুনমিং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 04:11 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে দ্বিতীয় চীন-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিআইএম-ইসি) বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার নতুন দ্বার খুলে দেবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “বিসিআইএম-ইসি বাস্তবায়ন করা গেলে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে তা আমাদের দুই দেশের জনগণকে আরো কাছাকাছি নিয়ে আসবে।”

দক্ষিণ এশিয়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে চীনের বিশাল বিনিয়োগের প্রশংসা করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “এতে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি চীনের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক আরো উন্নত হবে।”

আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠার এই উদ্যোগ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগকে আরো উন্নত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সিল্ক রুটের মাধ্যমে কয়েক দশক ধরে বাংলাদেশের সঙ্গে চীনের ইউনান প্রদেশের যোগাযোগ রয়েছে। এখন ঢাকা-কুনমিং সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

চীন-দক্ষিণ এশিয়া এক্সপো ইউনানের সঙ্গে বাংলাদেশের ওই ঐতিহাসিক সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে এসেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবসা-বাণিজ্য ও পর্যটন বৃদ্ধি এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে  এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মনে করেন তিনি।

চীনকে বাংলাদেশের ‘ভালো’ বন্ধু ও উন্নয়ন সহযোগী অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ বড় ধরনের ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী কুনমিং আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে গেলে ইউনান প্রদেশের উপগভর্নর গাও সুজুন তাকে সেখানে স্বাগত জানান।

দ্বিতীয় চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগে বক্তব্য রাখেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং।

পরে মালদ্বীপের উপরাষ্ট্রপতি মোহাম্মদ জামিল আহমেদ, লাওসের উপপ্রধানমন্ত্রী সমসাভাট লেংসাভাদ, শ্রীলঙ্কার ডেপুটি স্পিকার চন্দ্রিমা উইরাকোরি, সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা বক্তব্য রাখেন।

এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রের সভাকক্ষে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন ওয়াং ইয়াং।

পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে থেকে প্রধানমন্ত্রী ইন্টার কন্টিনেন্টাল কুনমিং হোটেলে ইউনান প্রদেশের গভর্নর লি জিহেংয়ের দেওয়া নৈশভোজে যোগ দেন।

এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কুনমিং পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম,  ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব সহিদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী।

এছাড়া ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে শেখ হাসিনার এই সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হবে। পরে বাংলাদেশ-চীনের মধ্যে যৌথ ইশতেহার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

সফর শেষে ১১ জুন দেশে ফিরবেন শেখ হাসিনা।

পুরনো খবর:

কুনমিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী