ধর্ষিতাকে হত্যার চেষ্টা: জামায়াত নেতার শাস্তি দাবি
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে এক জামায়াত নেতা ও তার ছেলের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে নারী অধিকার বাস্তবায়ন কমিটি।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশে শহীদ আকবর আলী মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
অভিযোগ রয়েছে, ঠাকুরগাঁও শহরের মিলননগর এলাকায় জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মজিদের ছেলে রকিবুল্লাহ একই এলাকার এক গৃহকর্মীকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গত ২৪ মে হত্যার চেষ্টা করে।
এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গত সোমবার (২ জুন) সংবাদ প্রকাশ করে।
এ ঘটনায় বুধবার (৪ জুন) দিনাজপুরের বীরগঞ্জ থানায় একটি অভিযোগ রেকর্ড করা হয়, তবে কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
নারী অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সীমা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী সুরাইয়া জেসমিন বিউটি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিমা আকতার প্রমুখ।
তাদের এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে স্থানীয় সচেতন নাগরিক মাজহারুল ইসলাম সুজন, হুমায়ুন কবীর, কামরুজ্জামান শামীম, মোমিনুল ইসলাম ভাষানী প্রমুখ বক্তব্য রাখেন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা হওয়ার পর হত্যা চেষ্টার জন্য ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মজিদ, তার ছেলে শিবিরকর্মী রকিবুল্লাহসহ জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নারী নেত্রী সুরাইয়া জেসমিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিমা আকতার বলেন, এ ঘটনার বিচারের জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এছাড়া ওই গৃহকর্মীর আইনি সহায়তার পাশাপাশি তার সু-চিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মামলার নথি থেকে জানা যায়, আব্দুল মজিদের ছেলে রকিবুল্লাহ একই এলাকার এক গৃহকর্মীকে ধর্ষণ করে। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গত ২৪ মে রাতে চিকিৎসার কথা বলে দিনাজপুর নিয়ে যায় ধর্ষক ও তার সহযোগীরা।
কিন্তু পথে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আমতলীতে মেয়েটিকে টেনেহিঁচড়ে একটি ধানক্ষেতে নিয়ে প্রচণ্ড মারধর করে তারা। এতে তার চোয়াল, কপালসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়।
এরপর মারা গেছে মনে করে তারা মেয়েটিকে ফেলে রেখে চলে যায়। পরদিন পুলিশ তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে জ্ঞান ফিরে পাওয়ার পরে মেয়েটির সঙ্গে কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
বুধবার (৪ জুন) দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিনের হস্তক্ষেপে বীরগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে ওই নারীর কাছ থেকে একটি অভিযোগ গ্রহণ করে। অভিযোগে রকিবুল্লাহকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে উল্লেখ করে নির্যাতিতা মেয়েটি একটি অভিযোগ দায়ের করেন। ওইদিনই মামলাটি বীরগঞ্জ থানায় রেকর্ডভুক্ত হয়।
মেয়েটি এখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে চিকিসাধীন রয়েছেন।
এ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ডা. আব্দুর রহিম জানান, মেয়েটির ভালো নয়, চোয়ালের চিকিৎসা দিনাজপুর মেডিকেলে করা সম্ভব নয়।
“তাই আমরা রোগীকে ঢাকা নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছি,” বলেন তিনি।
