২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সীমান্তরক্ষীদের সঙ্গে বিজিবির বৈঠক

সীমান্তে গোলাগুলিতে এক বিজিবি সদস্য নিহত হওয়ার পর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার সকালে মিয়ানমারের মংডুতে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কর্মকর্তাদের সঙ্গে বিজিবি কর্মকর্তারা বৈঠকে বসেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজিবির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপ মহাপরিচালক পর্যায়ের এ বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে সৃষ্ট উত্তেজনা নিরসনই বৈঠকের মূল উদ্দেশ্যে ছিল বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

বিজিবির উপমহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) আবুল হাসনাত মো. খায়রুল বাশার বলেন, বিকেল ৫টায় বৈঠক শেষ হয়েছে। অনেক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করেছেন।

বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ আগামী ৯ জুন মিয়ানমার যাবেন এবং পরদিন বিজিপি প্রধানের সঙ্গে তার বৈঠক রয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি বিজিপির গুলিতে এক বিজিবি সদস্য নিহত হওয়ার পর দুই দেশের সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।    

বৈঠকে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান।