রাজধানীতে বিকাশ প্রতিনিধিকে গুলি করে টাকা লুট
রাজধানীর রামপুরায় বিকাশের এক প্রতিনিধিকে গুলি করে প্রায় পৌনে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে রামপুরা টিভি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাজী রমজান হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, ফিরোজ নামে এক যুবক রমজানকে বেলা ২টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। রমজানের ডান উরুতে একটি গুলি লেগেছে।
ফিরোজের বরাত দিয়ে তিনি বলেন, “রমজান বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা সংগ্রহের পর হেঁটে রামপুরা টিভি সেন্টারের সামনের রাস্তা পার হওয়ার সময় ৫/৬ জন যুবক তার পথরোধ করে।
“পরে তাকে গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যুবকরা পালিয়ে যায়। রমজানের কাছে প্রায় ৩ লাখ ৭২ হাজার টাকা ছিল।”
রমজান রামপুরা তালতলার ঝিলপাড়ের ‘মোবাইল চয়েস’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী।
