২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা: আ.লীগ নেতা আবদুল্লাহ-র স্বীকারোক্তি

ফেনীতে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার দুই দফা রিমান্ড শেষে আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর আবদুল্লাহ হিল মাহমুদ শিবলু হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 03:31 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আবদুল্লাহ হিল মাহমুদ শিবলুর দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার দুপুরে তাকে নেয়া হয়।

“এ আদালতের বিচারক খাইরুল আমিনের কাছে আবদুল্লাহ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।”

জবানবন্দি শেষে আবদুল্লাহকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে আবদুল্লাহকে গত ২৫ মে প্রথম দফায় ৭ দিন এবং ১ জুন দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।

গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

একরাম হত্যার ঘটনায় গত ২৪ মে ফেনী মডেল থানায় শিবলু আত্মসমর্পন করলে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি ফেনী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের কাউন্সিলর।

এ হত্যার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক রয়েছে ২৯ জন আসামি।