২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র হত্যা: ওসমানী মেডিকেল বন্ধ ঘোষণা

ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার পর ছয়দিনের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 02:08 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে কলেজের অধ্যক্ষ মোরশেদ আহেমদ চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি ছাত্র নিহতের ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক একেএম মোশাররফ হোসেনকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের এ কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের ১০০৩ নম্বর কক্ষে শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী তাওহীদুল ইসলামকে কুপিয়ে আহত করে কয়েক দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সকাল থেকে মেডিকেল কলেজে লাগাতার ধর্মঘটের ডাক দেয় ছাত্রদল। একই দাবিতে আগামী রোববার সিলেট মহানগরে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।