২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু: উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ববাসীকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 02:02 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

বিশ্ব পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে  এ আহ্বান জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববাসীকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। অথচ আমরাই এর মারাত্মক নেতিবাচক প্রভাবের শিকার হয়েছি।”

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে ঢাকাকে ঘিরে থাকা নদীগুলোর দূষণ রোধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

হাজারীবাগের ট্যানারি অচিরেই সাভারে স্থানান্তর করা হবে জানিয়ে তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠানে ইটিপি কার্যক্রম অনলাইনে মনিটর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৮১২টি শিল্প কারখানায় ইটিপি স্থাপন করা সম্ভব হয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যে সব কল-কারখানাগুলোয় ইটিপি চালুর পরিকল্পনা রয়েছে।

সাভারে কেন্দ্রীয় ইটিপি নির্মাণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমি আশা করবো, হাজারীবাগের ট্যানারি মালিকরা সময়মতো তাদের কারখানা স্থানান্তর করবেন। তারা ব্যর্থ হলে বাধ্য হবো কারখানা বন্ধ করে দিতে।”

নদী দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বুড়িগঙ্গার অবস্থা অত্যন্ত করুণ। এই নদীটিকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছিল।”

তুরাগ, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গাসহ ঢাকাকে ঘিরে থাকা পাঁচটি নদীর নাব্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি নির্ধারিত এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না আর’ - ঊপকূলবর্তী দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ইন্টারন্যাশনাল প্যানেল অব ক্লাইমেট চেঞ্জ এর প্রতিবেদনের বরাত দিয়ে শেখ হাসিনা বলেন, একদিকে সমুদ্রের পানির স্ফীতি ঘটছে, অন্যদিকে গত বিশ বছরে মেরুঅঞ্চলসহ বিভিন্ন হিমবাহের বরফ স্বাভাবিকের চেয়ে বেশি হারে গলছে। এরফলে ছোট ছোট দ্বীপ রাষ্ট্রসহ পৃথিবীর বহু দেশের ঊপকূলীয় নিম্নাঞ্চল সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

৬৪টি জেলায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সম্প্রসারণের কাজ হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স তহবিল (বিসিসিআরএফ)প্রতিষ্ঠার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সাতটি উন্নয়ন সহযোগী সংস্থা থেকে এ পর্যন্ত ১৮৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার পাওয়া গেছে।

তিনি বলেন, “পরিবেশ, প্রতিবেশ, বন সংরক্ষণ ও উন্নয়নে আমাদের সরকার সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। আমরা অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়ন বন্ধের ব্যবস্থা নিয়েছি।”

ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, আমদানি, মজুদ ও পরিবহনে আইনের প্রয়োগ জোরদার করা হয়েছে।

জলাশয় ভরাট না করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “যারা আবাসন ব্যবসা করেন, তারা জলাভূমি ভরাট করতে পারবেন না। এজন্য জমির মালিকরা আমার ওপর নাখোশ। এটা টের পাবেন- এদের মালিকানাধীন পত্রিকা দেখলে। আমার বিরুদ্ধে লেখে।”

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০১৪ এর এবারের প্রতিপাদ্য ‘অধিক বৃক্ষ অধিক সমৃদ্ধি’ অত্যন্ত সময়োপযোগী বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রত্যেক নাগরিককে অন্তত একটি বনজ, একটি ফলজ ও একটি ভেষজ চারা সংগ্রহ করে তা রোপণের জন্য আহ্বান জানান তিনি।

“শুধু চারা রোপণ করলে তা পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয় না। এর জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা।”

এ বছর ব্যক্তি পর্যায়ে পরিবেশ পদক পেয়েছেন টেলিভিশন ব্যক্তিত্ব এ কে এম হানিফ, যিনি হানিফ সংকেত নামে পরিচিত।

বাংলাদেশ টেলিভিশনের জন্য বিনোদনমূলক অনুষ্ঠন ইত্যাদির নির্মাতার পাশাপাশি একই ক্যাটাগরিতে এবার পরিবেশ পদক পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. খবির উদ্দিন।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ পদক ২০১৪ পেয়েছে ঢাকার রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (আরএসএফ)।

এছাড়া বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড অফ ওয়াল্ড লাইফ কনজারভেশন ২০১৪ পেয়েছেন মো. মোস্তফা ফিরোজ, মো. হান্নান খান ও মো. জুয়েল রানা।

নটরডেম কলেজের নেচার স্টাডি ক্লাবও এবার এ পুরস্কার পেয়েছে।

বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৩ পেয়েছেন তিন ক্যাটাগরিতে ৩০ জন।

বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওই মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারি।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি বনজ, একটি ফলজ ও একটি ভেষজ গাছের চারা রোপণ করেন।

পরে তিনি বৃক্ষ মেলা পরিদর্শন করেন।