কৃষক দল নেতা তারার প্রতি শেষ শ্রদ্ধা
জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মাহবুবুল আলম তারাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
বুধবার সকাল সাড়ে ১০টায় তার মরদেহ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে সেখানে তার জানাজা হয়। এতে মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল মান্নান, আহমেদ আজম খান,যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা নুর মোহাম্মদ খান, আসাদুল হাবিব দুলু, আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবীর খোকন, হাবিবুল ইসলাম হাবিব, কৃষক দলের এম এ তাহের, তকদির হোসেন জসিমসহ কয়েকশ’ নেতা-কর্মী অংশ নেন।
জানাজার আগে প্রয়াতের ছেলে সিটি ব্যাংকের কর্মকর্তা ফয়েজ আই মাহবুবুল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
গত সোমবার দুপুরে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আলম মারা যান।
জাতীয় সংসদের সাবেক এই হুইপ ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। গত ২৯ মে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সকালে দ্বিতীয় জানাজা হয় মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। এই ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন তিনি।
এরপর তার কফিন নেয়া হয় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। সেখানে দলীয় নেতা-কর্মীরা জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতির প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হয়।
পরিবারের সদস্যরা জানান, বেলা ১২টায় তার মরদেহ হেলিকপ্টারযোগে ফেনী জেলায় নেয়া হবে। সেখানে জেলা বিএনপির উদ্যোগে দুটি জানাজা হবে। এরপর বিকালে ফরহাদনগর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে ফেনী-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাহবুবুল আলম তারা।
২০০১ সালে বিএনপি তাকে মনোনয়ন না দিলে তিনি আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু ওই আসনে পরাজিত হওয়ার পর আবার বিএনপিতে ফিরে আসেন তিনি।
বিএনপির কৃষক সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ছিলেন মাহবুবুল আলম তারা। এছাড়া তিনি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) সাবেক চেয়ারম্যান।
মাহবুবুল আলম পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সহসভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র মাহবুবুল আলম চট্টগ্রাম কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন।
